আপত্তিকর মন্তব্য: দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর এলাকায় উপজেলা ছাত্রলীগ আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
জামালপুর জেলা আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দীন আহম্মেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর এলাকায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতাজ উদ্দীন আহম্মেদ; যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙের শামিল। ফলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।
এছাড়াও কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
