শাবিতে ডোপ টেস্ট দিয়ে চূড়ান্ত ভর্তি হলেন ৫৩৪ শিক্ষার্থী
শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে আওতায় আসায় প্রাথমিক ও চূড়ান্ত- এই দুই পর্বে ভর্তি কার্যক্রম চলে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
রোববার প্রথম দিনে ৫৩৪ জন শিক্ষার্থী ডোপ টেস্টের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম।
তিনি বলেন, শাবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত ডোপ টেস্ট প্রক্রিয়া চালু হয়। এবার চতুর্থবারের মত এ প্রক্রিয়া চলমান রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী মাদকাসক্ত কি-না তা জানার জন্য এ পরীক্ষাটি করা হয়।
তিনি আরও বলেন, “ডোপ টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে দেখা হবে কোনো শিক্ষার্থীর সমস্যা আছে কি-না, সে আসলেই মাদকাসক্ত কি-না। যদি রিপোর্টে মাদকাসক্ত প্রমাণিত হয়, তাহলে ওই শিক্ষার্থীকে পুনর্বাসন কেন্দ্রে বা কাউন্সিলিং কিংবা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডোপ টেস্টের একটি কমিটি করে দিয়েছে।”
শিক্ষার্থীরা জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ২০১৮ সালে মাদক ও ধুমপানমুক্ত ক্যাম্পাস ঘোষণা করে কর্তৃপক্ষ।
ভর্তি কমিটি জানায়, রোববার চূড়ান্ত ভর্তির জন্য ৫৫০ শিক্ষার্থীকে ডাকা হয়। এর মধ্যে ৫৩৪ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন। শাবিতে কোটাসহ মোট আসন রয়েছে এক হাজার ৬৬৬টি।
চূড়ান্ত ভর্তিতে ফি নেওয়া হচ্ছে ১২ হাজার ২৫০ টাকা। সোম ও মঙ্গলবারও চূড়ান্ত ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’ দায়িত্ব পালন করছে।
সংগঠনটির সদস্য হাবিবা লিনা বলেন, রোববার ৮০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় আগে থেকেই যেহেতু রক্তের গ্রুপের তথ্য দিতে হয়, তাই সবাইকে ভর্তির দিন রক্ত গ্রুপ নির্ণয় করতে দেখা যায়নি।
ওরিয়েন্টেশন ৩০ অগাস্ট, পরের দিন ক্লাস
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক স্বপন কুমার সরকার বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৩০ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ও বিকাল দুই পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।
পরের দিন ৩১ অগাস্ট থেকে নবীনদের পাঠদান কার্যক্রম শুরু হবে।
ভর্তি প্রক্রিয়ায় যদি আসন খালি থাকে তারপরও ক্লাস কার্যক্রম শুরু হয়ে যাবে বলে জানান ভর্তি কমিটি সদস্যসচিব মাহবুবুল হাকিম।
এবার ভর্তি ফি বেড়েছে
শাহজালাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে আওতায় আসায় প্রাথমিক ও চূড়ান্ত- এই দুই পর্বে ভর্তি কার্যক্রম চলে। এর মধ্যে গুচ্ছের আওতায় একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকে প্রাথমিক ভর্তিতে ফি দিতে হয় পাঁচ হাজার টাকা। চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে দিতে হচ্ছে ১২ হাজার ২৫০ টাকা।
গত বছরের তুলনায় এ বছর চূড়ান্ত ভর্তি ফি দুই হাজার ২৫০ টাকা বৃদ্ধি করেছে শাবি কর্তৃপক্ষ।
ভর্তি কমিটি জানায়, এই বাড়তি ফি ভর্তি প্রক্রিয়াকরণে খরচ ধরা হয়েছে। গত বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তিতে ফি ছিল ১০ হাজার টাকা।
এরও আগে গুচ্ছের ২০২০-২১ সেশনে ভর্তি ফি ছিল ৮ হাজার ৬০০ টাকা; ২০১৯-২০ সেশনে ছিল ৮ হাজার ১০০ টাকা। ২০১৮-১৯ সেশনে ছিল ৭ হাজার ৫০০ টাকা এবং ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ফি ছিল ৬ হাজার ৮৫০ টাকা।
