টঙ্গীতে ছুরি-চাপাতিসহ ৩ `ছিনতাইকারী’ গ্রেপ্তার
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
টঙ্গীতে ছুরি ও চাপাতিসহ তিন ‘ছিনতাইকারী’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মধ্যআরিচপুর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলো- চাঁদপুর সদরের নাজির পাড়া এলাকার আ. হামিদের ছেলে মো. রাসেল (২২), হবিগঞ্জের বাহুবল থানার বালিগাও এলাকার নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২১) এবং ঢাকার নবাবগঞ্জ থানার আন্ধারকোটা এলাকার মো. শাহজাহানের ছেলে সজল (২৫)।
ওসি মো. আশরাফুল ইসলাম জানান, নতুন বাজার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযানে যায়।
“পরে ছিনতাইয়ের চেষ্টা করলে ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।”
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
