খুলনা সিটির ৪১ সড়ক হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে
২০২০ সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে বলা হয়।
খুলনা সিটি করপোরেশনের অওতাভুক্ত ৪১টি সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার দুপুরে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের লক্ষ্যে গঠিত যাচাই-বাছাই উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান দিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং স্মরণীয় করে রাখতে নগরী এলাকার সড়ক, ভবন ও উল্লেখযোগ্য স্থাপনা তাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র বলেন, ২০২০ সালের ২৯ অক্টোবর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে বলা হয়।
“সেই নির্দেশনার আলোকে কেসিসির সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-এর ৪ (১) নম্বর ক্রমিকের আলোকে একটি যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়।”
পরে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। বেশ কিছু প্রস্তাবনা পাওয়ার পরে যাচাই-বাছাই উপকমিটি ৪১টি আবেদন চূড়ান্ত করে বলে জানান তিনি।
