সুন্দরবনে মৌয়াল উৎসবের মধ্য দিয়ে শুরু মধু আহরণ মৌসুমের
১০৫০ কুইন্টাল মধু ও ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস জানায়।
সুন্দরবনে বনজীবীদের সব থেকে বড় মৌয়াল উৎসবের মধ্যে দিয়ে মধু আহরণ মৌসুমের শুরু হয়েছে।
শনিবার দুপুরে (১৮ চৈত্র) সুশীলনের মৌয়াল উৎসব ও বনবিভাগের মধু আহরণ মৌসুমের উদ্বোধন হয়। এতে বনজীবীদের ছিল স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ।
সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন হরিনগরের বনজীবী শামিম হোসেন জানান, তার বাপ-দাদা ও পূর্ব পুরুষরা জঙ্গলে মধু আহরণ, মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেছেন। এর ধারাবাহিকতায় তিনিও একই পেশায় আছেন।
শামিম আরও বলেন, তাদের প্রত্যেকটি কাজই খুব কঠিন। এর মধ্যে মধু আহরণ সব থেকে কঠিন।
সুন্দরবনের কোথাও নেই শৌচকর্মের স্থান। ফলে প্রসাব-পায়খানা করাতেও দেখা দেয় বিপত্তি।
এ ছাড়া বনজুড়ে আছে রয়েল বেঙ্গল টাইগার আর বন্য শুকর। পায়ে পায়ে থাকে বিপদ। বিপদ মাড়িয়ে একজন মৌয়াল সংগ্রহ করেন মধু।
মধু আহরণকারী প্রতিষ্ঠান সুমধু’র তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, “সারা দেশের মানুষের কাছে সুন্দরবনের যে মধু পৌঁছায় তা অর্জনের গল্প অনেক কঠিন। মৌয়ালদের এ মধু আহরণের পথে পথে থাকে বাঘ, বন্য শুকর, বনদস্যু; পানিতে থাকে কুমির। এসব প্রতিবন্ধকতা মাড়িয়ে মানুষের খাদ্য ও পথ্য মধু সংগ্রহ করেন সুন্দরবনাঞ্চলের মৌয়ালরা।”
বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন অফিসার নুরুল আলম বলেন, “শুধু বাংলা ১৪২৯ সনেই মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমনে হতাহত হয়েছেন অন্তত পাঁচজন। এত কিছুর পরও মধু আহরণের এই সংস্কৃতিকে শুধু ঐতিহ্য নয়, জীবন-জীবিকার অংশ হিসেবেই আবহমান কাল ধরে এ কাজটি টিকিয়ে রেখেছেন বনজীবীরা।”
বনবিভাগে ৭৫০ টাকা রাজস্ব দিয়ে ১৫ দিনের জন্য সুন্দরবনে প্রবেশ করা যায় জানিয়ে তিনি আরও জানান, এবার বাংলা ১৮ চৈত্র থেকে দুই মাসে চারবার অনুমতি নিয়ে মৌয়ালরা মাছও ধরতে পারবেন।
নিরাপত্তার জন্য বিভাগের নির্দেশনা মেনে চলার জন্য মৌয়ালদের প্রতি আহ্বান জানান নুরুল আলম।
রমজান হওয়ায় এবার মধু আহরণ মৌসুম উদ্বোধনের সুশীলন মৌয়াল উৎসব ও বন বিভাগের আলোচনা সভা সংক্ষিপ্ত করা হয়।
এবার প্রথম দিনে মধু আহরণ করতে জঙ্গলে ১৫৩টি নৌকা প্রবেশ করেছে বলে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসার এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী জানান।
তিনি আরও জানান, এ মৌসুমে ১০৫০ কুইন্টাল মধু এবং ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বনবিভাগের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৭ সাল থেকে ২০২২ সাল-এ পাঁচ বছরে সুন্দরবনে ১৫ হাজার ৪৪০ জন মৌয়াল মধু সংগ্রহ করেছে ৭ হাজার ৫৪১ কুইন্টাল। মোম সংগ্রহ করেছে ২ হাজার ১৬৩ কুইন্টাল। যা থেকে মোট রাজস্ব এসেছে প্রায় এক কোটি টাকা।
