অভিভাবক পেল রাস্তার পাশে পাওয়া সেই নবজাতক
কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ায় মঙ্গলবার রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগে শিশুটি পড়ে ছিল; এক পথচারী নারী তার কান্না শুনে পুলিশকে জানান।
সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতকের দায়িত্ব নিয়েছেন এক নিঃসন্তান দম্পত্তি।
বুধবার রাতে এই ছেলে শিশুকে তাদের কাছে হস্তান্তর করা হয় বলে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান।
তিনি বলেন, মঙ্গলবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্বান্ত মোতাবেক নবজাতক ওই শিশুকে নিতে ইচ্ছুক দম্পত্তিদের আবেদন আহ্বান করা হয়। এতে ১২টি আবেদন জমা পড়ে।
“বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে শর্ত সাপেক্ষে বেলকুচি উপজেলার নিঃসন্তান এক দম্পত্তিকে শিশুটির দায়িত্ব দেওয়া হয়। ওই দম্পতির স্বামী বিদেশ থাকায় স্ত্রীর কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।”
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম ও কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকায় রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে ছিল। আসমা বেগম নামে এক নারী ওই ব্যাগের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পান। পরে পুলিশের সহায়তায় অজ্ঞাত পরিচয় ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
