সিরাজগঞ্জে রাস্তার পাশে মিলল নবজাতক
তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকা থেকে ছেলেশিশুটিকে উদ্ধার করা হয় বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসমা বেগম নামে এক নারী কৃষ্ণদিয়া এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে শিশুর কান্না শুনতে পান। পরে পুলিশের সহায়তায় নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ রয়েছে।
খবর পেয়ে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না নবজাতককে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন।
কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে শিশুর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
