২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যু, স্বজনের দাবি হত্যা

ওই নারীর স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 12:26 AM

Updated : 03 May 2023, 12:26 AM

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে; তাকে শরবতের সঙ্গে বিষ দিয়ে হত্যা করা হয় বলে স্বজনের দাবি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

মৃত খুরশিদা কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের জারিয়া গ্রামের জিয়াউর রহমানর মেয়ে।

সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ফজলুল করিমের বিরুদ্ধে এ নারীকে হত্যার অভিযোগ করেন স্বজনরা।

খুরশিদার ভাই মুশফিকুর রহিম বলেন, দেড় মাস আগে পারিবারিকভাবে তার বোনের সঙ্গে ফজলুল করিমের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন ফজলু মাদকাসক্ত।

বিয়ের সময় যৌতুক হিসেবে ফজলুকে ৭০ হাজার টাকা ও আধাভরি সোনা দেওয়া হয় বলেও তিনি জানান।

মুশফিক অভিযোগ করেন, বিয়ের পর ব্যাটারিচালিত অটোরিকশা কেনার জন্য আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ফজলু; কিন্তু দেওয়ার মতো তাদের সঙ্গতি ছিল না।

“এর জেরে সোমবার রাতে আমার বোনের সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছে। ওই রাতে তিনি মাদকসেবন করে ঘরে এসে বোনকে মারধর করেন। আমার বোন তাকে মাদকসেবন বাধা দেওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন।”

ফজলু বিষ খাইয়ে তার বোনকে হত্যা করেছেন বলে মুশফিকের অভিযোগ।

ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে ফজলুকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।