০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যুবকের মৃত্যু

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় পাইপ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 07:40 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পূর্ব নেজামপুর গ্রামের পাশের মাঠে নলকূপে পড়ে যাওয়ার পাঁচ ঘণ্টার পর তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নাচোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক।

নিহত ২৪ বছর বয়সি রনি বর্মন ওই গ্রামের চৈতন্য বর্মনের ছেলে।

নেজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল হক বলেন, ওই এলাকার পরিত্যক্ত গভীর নলকূপের পাশে নতুন নলকূপ বসানো হয়। সকালে রনি অসাবধানতাবশত ওই নলকূপের পাইপে পড়ে যান।

পাইপের ভেতর থেকে কান্নার আওয়াজ পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন, না পেরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয় বলে জানান তিনি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাচোলের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, “অকেজো গভীর নলকূপের পাশে নতুন করে একটি গভীর নলকূপ বসিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এখনো কাজ বুঝিয়ে দেননি। পরিত্যক্ত গভীর নলকূপের মুখে ইট ও বালির বস্তা দিয়ে ঢাকা ছিল। কীভাবে ওই যুবক সেখানে পড়ল বলতে পারব না।”

ফায়ার সার্ভিসের এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ১২ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রায় ১২০ ফিট গভীরে পড়ে যাওয়া যুবককে জীবিত উদ্ধারের চেষ্টা করা হয়।

এতে নাচোল ফায়ার সার্ভিসসহ গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর চারটি ইউনিট অংশ নেয়। বিকাল ৪টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবকের মৃতদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে বলে জানান নাচোল থানার ওসি মো. তারেকুর রহমান সরকার।