২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, দলের নেতা গ্রেপ্তার

মামলার প্রধান আসামি নড়িয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, দলের নেতা গ্রেপ্তার

মামুন খান

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 12:24 AM

Updated : 09 Sep 2022, 12:24 AM

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যায় মামলা হয়েছে।

মামলার প্রধান আসামি ও নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ বেপারীকে নড়িয়া আধুনিক হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বৃহস্পতিবার নড়িয়া থানায় মামলা করেছেন।

নিহত মামুন খানের (৩২) মামা নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক ও নড়িয়া থানা পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধের জের ধরে নড়িয়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা জুয়েল মোল্লাও মারাত্মক আহত হন।

হত্যাকান্ডের পর নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ বেপারীকে নড়িয়া পৌর এলাকার নড়িয়া আধুনিক হাসপাতালের সামনে একদল লোক মারধর করেন। তাকে নড়িয়া আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

মোকলেছ বেপারী বলেন, “আমি এ হত্যাকাণ্ডে জড়িত নই। আমি লোকজনের ভিড় দেখে সেখানে যাওয়ার পর তারা আমাকে মারধর করে মারাত্মক আহত করে। সেখান থেকে নড়িয়া থানা পুলিশ আমাকে আটক করে।”

নড়িয়া থানার ওসি মাহবুব আলম বলেন, নিহতের ছোট ভাই আব্দুল কুদ্দুস খান বাদী হয়ে মোকলেছ বেপারীকে প্রধান আসামিসহ ১৬ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরপর মোকলেছ বেপারীকে আমরা গ্রেপ্তার করেছি।

নড়িয়া পৌরসভার বাড়ৈ পাড়া গ্রামের আবদুল ছালাম খানের ছেলে ও নড়িয়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানের সঙ্গে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ বেপারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার রাত ৮টার দিকে নড়িয়া পৌরসভার গালর্স স্কুলে সামনে দিয়ে মামুন খান ও তার বন্ধু জুয়েল মোল্লা হেঁটে যাওয়ার সময় হামলাকারীরা পিছন থেকে তার মাথায় হাতুড়ি ও লোহার রড় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করেন করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা বন্ধু জুয়েল মোল্লাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়িপেটায় হত্যা