মানিকগঞ্জের দিয়ার বিলে পলোবাইচ উৎসব
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “পলোবাইচ উৎসব গ্রাম-বাংলার ঐতিহ্য।”
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়ার বিলে পলোবাইচ উৎসব হয়েছে।
সোমবার সকাল ৮ থেকে শুরু হওয়া এ উৎসবে উপজেলার বয়ড়া, বলড়া, রামকৃষ্ণপুর, চালা, গাল ইউনিয়নসহ ঘিওর, শিবালয় ও ঢাকার দোহারের কয়েকশ সৌখিন মাছ শিকারী অংশ নেন।
মাছ শিকারীরা জানান, তারা অনেক দূর-দূরান্তে পলো দিয়ে মাছ ধরতে যান।
আজ সকাল থেকে তারা হরিরামপুর, শিবালয়, ঘিওরের অনেকে মোটরসাইকেল, বাইসাইকেল, হ্যালোবাইক, নছিমনে এমনকি হেঁটেও মাছ ধরতে এসেছেন। তারা পলোর পাশাপাশি ঝাঁকি জাল, দোরাসহ নানা উপকরণ নিয়ে দিয়ার বিলে মাছ ধরায় মেতে ওঠেন।
ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকার আবুল ও কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশপাশের এলাকা থেকে তারা কয়েকজন নছিমন ভাড়া করে পলোবাইচে এসেছেন। শোল আর কয়েকটি নলা (ছোট রুই) পেয়েছেন।
হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সাটিনওদা এলাকার মজিবুর রহমান বলেন, “আমগো গ্রাম থেকে ২০ জনের মতো পলো বাইচে আইছি। পলো উৎসবে আমরা অনেক আনন্দ করছি। পলো দিয়ে বোয়াল মাছ ধরতে পেরে আমার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেছে।”
দেড়-দুই কেজি ওজনের বোয়াল পেয়েছেন দাবি করেন তিনি।
তবে আগের মতো এখন আর পলো উৎসব হয় না বলে খারাপ লাগার কথা জানান মজিবুর।
কামারঘোনা এলাকার পঞ্চাশোর্ধ্ব মাইন উদ্দিন বলেন, “একটা শোল, একটা কাতল আর চারটা নলা পাইছি, পানির কামরও খাইছি। তবে মাছ পেয়ে আনন্দ লাগছে।”
চালা ইউনিয়নের চালা গ্রামের কিশোর নয়ন বলেন, “দুইডা শউল পাইছি, কয়ডা নলা পাইছি। তয় পানির কামর (ময়লা পানিতে চুলকানি) খাইছি।”
যাত্রাপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমাছ খান বলেন, “মাছ ধরতে আসাদের শতকরা ৯০ ভাগই মাছ পাইছে। আমি ১৫ বছর পর শখ করে মাছ ধরতে আইছি, কিন্তু কোনো মাছ পাই নাই।“
স্থানীয় লেছড়াগঞ্জ বাজারের সংগীতা ফার্মেসির ওষুধ বিক্রেতা বাঁধন সাহা আক্ষেপ করে বলেন, “নদীতেই তেমন মাছ নাই, খালে-বিলে আর কী মাছ পাওয়া যাবে?”
তার ভাষ্য, “তারপরও দিয়ার বিলে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম-বাংলার এতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।
কয়েকশত লোক মাছ ধরতে এসেছেন, এটাই প্রমাণ করে যে, মানুষ এখনও গ্রামীণ ঐতিহ্যকে ভালোবাসে।”
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলোবাইচ উৎসব গ্রাম-বাংলার ঐতিহ্য। কেউ মাছ ধরতে পারুক আর না পারুক, সবার অংশগ্রহণে এ উৎসবে আনন্দের কোনো কমতি থাকে না।”
পলোবাইচের কথা শুনে নিজেরও মাছ ধরার শখ জাগে বলে জানান হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
