২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার মালিককে পাওয়া যায়নি

ঠাকুরগাঁওয়ে মহাসড়কে পাওয়া পাঁচ লাখ টাকার মালিককে চারদিন পরও পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার মালিককে পাওয়া যায়নি

মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 12:41 AM

Updated : 23 Aug 2022, 12:41 AM

ঠাকুরগাঁও শহরে দুইদিন মাইকিং করার পরও কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার মালিকের খোঁজ পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত মালিককে না পাওয়া গেলে টাকাগুলো দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা ভাবছেন বলে টাকা পাওয়া শাকির হোসেন সৌরভ জানান।

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে শাকির হোসেন সৌরভ গত বৃহস্পতিবার পাঁচ লাখ টাকার ব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন বলে জানান। শহরের স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামে একটি দোকান চালান তিনি।

শাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৃহস্পতিবার প্রাইভেটকার নিয়ে ঘুরতে গিয়ে পঞ্চগড় মহাসড়ক ধরে ঠাকুরগাঁও শহরে ফেরার পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। এরপর গাড়ি থামিয়ে ব্যাগটি তুলে নিই। আশপাশে কাউকে না পেয়ে ব্যাগটি নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসি।

“এরপর ব্যাগটি খুলে সেখানে পাঁচ লাখ টাকার মত পাই।”

তিনি বলেন, “টাকাটা পেয়ে মনে করেছিলাম, যার টাকা তিনি হয়তো ফেইসবুকে পোস্ট দিয়ে বা মাইকিং করে খুঁজবেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত এমন কিছু না ঘটায় টাকার প্রকৃত মালিকের খোঁজে কী করা যায় তা ভাবতে থাকি।”

তিনি বলেন, পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের পরামর্শে শনিবার সকাল থেকে ঠাকুরগাঁও শহরে মাইকিং শুরু করেন। কিন্তু দুইদিন মাইকিং করেও প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি।

রোববার রাত পর্যন্ত ১৫ জন ওই টাকা তাদের দাবি করে ফোন করেছেন জানিয়ে শাকির বলেন, “কিন্তু তারা যে বর্ণনা দিয়েছেন, কুড়িয়ে পাওয়া ব্যাগের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। গত রোববার পঞ্চগড়ের এক পাথর ব্যবসায়ী টাকাগুলো তার দাবি করে ফোন করেছিলেন। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে আসার কথা থাকলেও তিনি আসেননি। এই টাকা নিয়ে রীতিমতো অস্বস্তিতে আছি।”

টাকার প্রকৃত মালিকের খোঁজ পাওয়া না গেলে কী করবেন প্রশ্নের জবাবে শাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা চলছে। স্থানীয় ও জাতীয় পত্রিকাতেও খবরটি এসেছে। ফেইসবুকে পোস্ট দিয়েও টাকার মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

“আরও দু-এক দিন অপেক্ষা করব। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া না গেলে দুস্থদের মধ্যে টাকাটা বিলিয়ে দেব।”

টাকা বিলিয়ে দেওয়ার পর প্রকৃত দাবিদার পাওয়া গেলে তখন কী করবেন প্রশ্নের জবাবে শাকির হোসেন বলেন, “আমি নিজের গচ্ছিত টাকা থেকে তাকে সমপরিমাণ টাকা দিয়ে দেব। টাকার বিষয়ে ঠাকুরগাঁও ডিসির সঙ্গে দেখা করে কথা বলব এবং তারা কী পরামর্শ দেন সেটি নেওয়ার কথা ভাবছি।”

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের ডিসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুড়িয়ে পাওয়া টাকা দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়ার বিষয়টা সংবেদনশীল; আমাকে জানতে হবে। তবে আমি মনে করি, টাকাগুলো যেকোনোভাবে সংরক্ষণ করে রাখা ভালো। আর প্রকৃত দাবিদার না পাওয়া গেলে টাকাটা রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে কি না, এটাও দেখতে হবে।”