বরিশালে বাসচাপায় ৬ মৃত্যু: গ্রেপ্তার হয়ে চালক বললেন দুর্ঘটনার কারণ
‘অটোরিকশা হঠাৎ লিংক রোড থেকে মহাসড়কে এসে পড়লে বাসচালক হতবিহ্বল হন; স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারালে বাসের নিচে চলে যায় অটোরিকশা।’
বরিশালের সড়কে অটোরিকশার ছয় যাত্রী নিহত হওয়ার মামলায় বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব। চালকের বরাতে পুলিশ জানিয়েছে কোন পরিস্থিতিতে এই যাত্রীদের প্রাণ দিতে হয়েছে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সিকদার (৪১) বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার হামেদ সিকদারের ছেলে।
ঢাকা থেকে সোমবার রাতে র্যাব তাকে গ্রেপ্তার করে বরিশালের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করে।
থানার পদির্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, “জাহাঙ্গীরের দাবি, অটোরিকশাটি হঠাৎ করে লিংক রোড থেকে মহাসড়কে আসে। ঘটনার আকস্মিকতায় বাসচালক জাহাঙ্গীর হতবিহবল হয়ে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উঠিয়ে দেন।”
ঘটনার পরপরই জাহাঙ্গীর দ্রুত পালিয়ে যান।
গত ২০ জুলাই বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হেলিপ্যাড মাঠ এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও দুইজন।
পরদিন বাকেরগঞ্জ থানায় মামলা করেন নিহত অটোরিকশার যাত্রী আমির হোসেন চৌধুরীর ছেলে জুবায়েদ ইসলাম।
মামলায় বিআরটিসির বাসটির চালক জাহাঙ্গীর সিকদার ও সহকারী সাইদুলকে আসামি করা হয়।
তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো ও গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের উদ্যোগ নেয় র্যাব।
র্যাব ৮-এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালক জাহাঙ্গীরের অবস্থান শনাক্ত করে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র্যাব জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাকেরগঞ্জ থানায় দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। সহকারী সাইদুল এখনও পলাতক।
