২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার সীমান্তে প্রায় ১০ কেজি স্বর্ণসহ যুবক আটক

আটক স্বর্ণের মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 07:19 PM

Updated : 15 Sep 2022, 07:19 PM

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার জেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওঁৎ পেতে থাকে।

“এ সময় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলে চড়ে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করেন। ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর সময় ধরা পড়েন।”

বিজিবি কর্মকর্তা জানান, আটক ব্যক্তির ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করা হয়। এই সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা।

আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।