২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকার নির্বাচনি ক্যাম্পের রক্ষীর শরীরে ‘কেরোসিন ঢেলে’ আগুন

আগুনে তার ঘাড়ের দুইপাশে চুল ও কিছু অংশ পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 05:15 PM

Updated : 05 Jan 2024, 06:14 PM

খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি ক্যাম্পের পাহারাদারের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে।

খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি মমতাজুল হক জানান।

আহত ৪২ বছর বয়সী হাসান ফারাজী যোগীপোল ইউনিয়নের সোহরাব ফারাজীর ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বলেন, “আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি ক্যাম্পে পাহারার দায়িত্বে ছিলেন হাসান ফারাজী। দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ছুড়ে মারে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়।

“পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।”

আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুইপাশে চুল ও কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে এ আওয়ামী লীগ নেতা বলেন, “যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এই ঘটনায় জড়িত।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফারাজীকে সকালে দেখতে যান আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি মমতাজুল বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।