২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ল আওয়ামী লীগের কার্যালয়

পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ ও বিএনপির

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে পুড়ল আওয়ামী লীগের কার্যালয়

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের পুড়ে যাওয়া অফিস

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 02:20 PM

Updated : 30 Aug 2022, 02:20 PM

ঝিনাইদহ সদর উপজেলায় দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে গেছে ডাকবাংলা বাজারে অবস্থিত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অফিস।

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝিনাইদহ স্টেশনের সাব-অফিসার আব্দুর রউফ জানান।

তিনি বলেন, সোমবার রাত ৩টার পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন জ্বলতে দেখে তা নেভান। আগুনে ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। পাশের একটি ফলের দোকানও পুড়ে গেছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল করিম মিন্টু অভিযোগ করে বলেন, “বিএনপি ডাকবাংলা বাজারে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পুড়িয়েছে। তারা দাহ্য পদার্থ ব্যবহার করেছে।”

বিষয়টি ফায়ার ব্রিগেডকে তদন্ত করতে অনুরোধ জানান তিনি।

অপরদিকে পাল্টা অভিযোগ করে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার কারণে তাদের মিটিং মিছিলে লোক হচ্ছে না। তা ঢাকতে ও বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে তারা এ নাটক সাজিয়েছে।”

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিষয়টি তদন্ত করছে।