বরগুনায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলে গুলিবিদ্ধ
সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ করলে বনবিভাগের টহল দল স্মার্ট বাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করেন।
বরগুনার বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার ভোরে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন।
আহত জেলের নাম জয়নাল মাঝি (৩০)। তিনি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আহত জয়নাল জানিয়েছেন, সুন্দরবনের কচিখালী-কটকা সংলগ্ন বলেশ্বর নদে মাছ ধরছিলেন তারা। তবে এক পর্যায়ে সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ করলে বনবিভাগের টহল দল স্মার্ট বাহিনীর সদস্যরা ধাওয়া করেন। এসময় স্মার্ট বাহিনীর পক্ষ থেকে গুলি চালানো হলে একটি গুলি এসে তার ডান হাতে লাগে।
কোস্টগার্ড জানিয়েছে, গুলিবিদ্ধ জয়নালকে কোস্টগার্ডের কচিখালী স্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, “জয়নালের হাতে গুলি রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে “
জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনছেন জানিয়ে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান বলেন, “এক জেলে বনবিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”
তবে ঘটনা সম্পর্কে জানতে বনবিভাগের সুন্দরবনের কচিখালী ক্যাম্পের বিট অফিসার আবদুস ছবুরের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
