ভোটের আগের রাতে বাস ও নৌকার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ
আগুনে বাসের ইঞ্জিন কভার ও সিট ক্ষতিগ্রস্থ হয়েছে।
বরিশালে নগরীতে ভোটার আগে নৌকার প্রার্থীর নির্বাচনি কার্যালয় ও পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীমের নির্বাচনি অফিস এবং ত্রিশ গোডাউন এলাকায় এসব ঘটনা ঘটে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা জানান।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, “ভোর ৪টার দিকে ত্রিশ গোডাউনের সামনে পার্কিং করে রাখা বরিশাল-ঢাকা-সায়েদাবাদ রুটের জুবায়ের পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুনে বাসের ইঞ্জিন কভার ও সিট ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়তির পরিমাণ আনুমানিক ২০ হাজার টাকা।”
আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীমের সমর্থক মুন্না খান বলেন, রাত আড়াইটার দিকে নির্বাচনি অফিসের কাপড়ের বেড়ায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তারা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
উপপুলিশ কমিশনার আলী আশরাফ বলেন, “পুলিশ ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত ছিল; এই সুযোগে আগুন দেওয়া হয়েছে । এ সব ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
