চুয়াডাঙ্গায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
জেলার প্রায় ৫০টি স্থানে উচ্ছেদ অভিযান চলবে শুক্রবার পর্যন্ত।
চুয়াডাঙ্গায় দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত অভিযান চালানো হয় বলে জানান জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম।
তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এ অভিযানের নেতৃত্ব দেন।
জেলা সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা বলেন, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দুইপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা।
“সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও তা সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। চুয়াডাঙ্গার প্রায় ৫০টি স্থানে এই উচ্ছেদ অভিযান চলবে শুক্রবার পর্যন্ত ।”
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে চিহ্নিত করা হচ্ছে সড়ক বিভাগের জায়গাগুলো বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।
