সিলেটের ধলাই নদীতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার
শুক্রবার রাতে সাদা পাথর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হন আফিক।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধলাই নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার রেলওয়ে বাংকারের পূর্বপাশের ধলাই নদী থেকে মরদেহটি পাওয়া যায় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান।
নিহত আফিক মিয়া (৪৩) ওই উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।
ওসি হিল্লোল রায় বলেন, সকাল ৫টার দিকে ধলাই নদীতে আফিকের মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাদা পাথর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হন আফিক।
