বগুড়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
ছেলে মাদকাসক্ত বলে ইউনিয়ন পরিষদ সদস্যের ভাষ্য।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃদ্ধ বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম সানা (৪০) উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হত্যা করা হয় বলে দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী জানান।
ইউনিয়ন পরিষদ সদস্য আলফাজ প্রামানিক বলে, “সানা মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন। তিন দিন ধরে খাওয়াদাওয়া করেননি সানা। সকালে বাবা মোজাম্মেল তাকে খাবার দিতে যান। এ সময় সানা হুট করে কোদাল দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এলাকাবাসী তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এতে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন সানাকে বাড়িতে তালাবদ্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সানাকে আটক করে বলে জানান এসআই শাহজাহান আলী।
