২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের মরিচের দামে খুশি কৃষক, তবে ফলন কমায় লাভ কম

বাজারে পাইকারিতে কেজিপ্রতি ৮০-১০০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করছেন চাষিরা।

মানিকগঞ্জের মরিচের দামে খুশি কৃষক, তবে ফলন কমায় লাভ কম

সবুজ মাঠ থেকে মরিচ তুলছেন এক কৃষক।

মাহিদুল ইসলাম মাহি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 02:07 PM

Updated : 28 May 2023, 02:07 PM

মানিকগঞ্জে কাঁচা মরিচের দামে খুশি হলেও ফলন কম হওয়ায় লাভ কম হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। 

কৃষকরা জানান, এ বছর বৃষ্টি কম হওয়ায় মরিচ গাছ কম বড় হয়েছে। জেলার কোনো কোনো ক্ষেতে আগের বছরের চেয়ে অর্ধেক মরিচ উৎপাদন হয়েছে। এবার কিছু জমিতে তিনভাগের একভাগ মরিচ উৎপাদন হয়েছে। 

Image

কৃষকরা বলছেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় মরিচ গাছ কম বড় হয়েছে।

তবে উৎপাদন কম হলেও বাজারে কাঁচা মরিচের ভালো দাম পাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন চাষিরা। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলার মধ্যে হরিরামপুর ও শিবালয় উপজেলায় মরিচ বেশি চাষ হয়। 

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, এ বছর হরিরামপুরে ১ হাজার ৬৭৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে বাল্লা ইউনিয়নে সবচেয়ে বেশি মরিচের চাষ হয়েছে। এছাড়া বাকী ১২টি ইউনিয়নের মধ্যে গালা, গোপীনাথপুর ও চালা ইউনিয়নে বেশি মরিচ চাষ হয়েছে। 

তিনি জানান, গতবছর ১ হাজার ৬৩৫ এবং আগের বছর ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছিল। এ বছর ৯ হাজার ৬৫৭ টন মরিচের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

Image

ঝিটকা বাজার থেকে প্রতিদিন ১০-১২ গাড়ি মরিচ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যান পাইকাররা।

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, এ বছর উপজেলায় ১ হাজার ৩৬ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। আমাদের মরিচের লক্ষ্যমাত্রা  ১০ হাজার ৮৭৮ টন। এর মধ্যে শিমুলিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি মরিচ চাষ হয়েছে। 

সরেজমিন মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় উপজেলার দেখা যায় সবুজ মাঠ থেকে মরিচ তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। পরে সেই মরিচ বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন বাজারে। বাজারে পাইকারিতে কেজিপ্রতি ৮০-১০০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করছেন বলে জানান তারা। 

হরিরামপুরের গালা ইউনিয়নের গাঙ ধুসরিয়া এলাকার মরিচ চাষি ছোরহাব বিশ্বাস বলেন, “দুই বিঘা জমিতে মরিচ গাছ রোপণ করেছি। খরায় গাছ এবার বড় হয়েছে কম, উৎপাদনও কম। তবে দামে আমরা খুশি। এর মধ্যে ৫০-৬০ হাজার টাকার কাঁচা মরিচ বেঁচছি।” 

আরেক মরিচ চাষি আলাউদ্দীন খাঁ বলেন, “৫২ শতাংশ জমিতে আমার খরচ হয়েছে ২০ হাজারের মতো। এর মধ্যে ৪০ হাজারের বেশি টাকার কাঁচা মরিচ বিক্রি করেছি। 

“তবে কয়েক দিনের বৃষ্টিতে উৎপাদন বেড়েছে। এখন আবার অনেক মরিচ ধরেছে, দাম থাকলে দেড় লাখ টাকার মরিচও বিক্রি করতে পারব।” 

শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইশাখাবাদ গ্রামের চুন্নু মণ্ডল বলেন, “গত বছর ৫ লাখ টাকার মরিচ বিক্রি করেছিলাম। এবার ৩ বিঘা জমিতে মরিচ চাষ করতে ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর খরায় গাছের ক্ষতি হয়েছে। তবু আশা করি এবারও ভালো লাভ হবে।” 

একই এলাকার রঞ্জন মণ্ডল জানান, ১৫ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। সম্প্রতি বৃষ্টিতে উৎপাদন এখন ভাল হচ্ছে, তবে গতবছরের মতো উৎপাদন হচ্ছে না। 

ঝিটকা বাজারের আড়তদার মোল্লা এন্ড সন্স এর ছবেদ আলী জানান, “এবার মরিচ কম উৎপাদন হয়েছে। তাই কৃষকরাও কম মরিচ নিয়ে আড়তে আসেন। 

“আমাদের হরিরামপুরের বাল্লার মরিচের চাহিদা ব্যাপক। এখান থেকে প্রতিদিন ১০-১২ গাড়ি মরিচ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন বাজারে নিয়ে যান পাইকাররা।” 

কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, এবার চরাঞ্চলেও মরিচ বেশি চাষ হয়েছে। তবে খরায় ফলন কিছুটা কম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। এ ছাড়া মাকড়ের কারণে ফলন কম হচ্ছে। কৃষিবিভাগ থেকে মাকড়নাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।