খাগড়াছড়িতে হাজারের বেশি বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান
পিণ্ডদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধ্যে ভাতের পিণ্ডসহ নানা উপহার সামগ্রী প্রদান করে থাকেন।
বিশ্বের মানুষের মধ্যে হিংসা হানাহানি বন্ধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়িতে আয়োজন করা হয় ‘হাজার ভিক্ষুকে পিণ্ডদান’ অনুষ্ঠান।
হাজার ভিক্ষুক পিণ্ডদান আয়োজন কমিটির উদ্যোগে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানকে দেশের ‘সবচেয়ে বড় পিণ্ডদান’ বলে দাবি করেছেন আয়োজকরা।
পিণ্ডদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধ্যে ভাতের পিণ্ডসহ নানা উপহার সামগ্রী প্রদান করে থাকেন।
আয়োজক কমিটির সদস্য চম্পানন চাকমা বলেন, ”আমরা এক হাজার ২০০ ভিক্ষুকে আমন্ত্রণ করেছি। তাদেরকে আমরা পিণ্ডদান করেছি।”
পিণ্ডদান উপলক্ষে ‘সদ্ধর্ম দেশনা শ্রবণ’সহ আয়োজন করা হয় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের। অনুষ্ঠানে যোগ দেন শত শত বৌদ্ধ পুণ্যার্থী।
সকালে ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে সমবেত পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, উপগুপ্ত ভান্তে মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান ও হাজার প্রদীপ দান করা হয়। এ সময় সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় ‘দেশনা’ দেন বৌদ্ধ ভিক্ষুরা।
পরে ভিক্ষুদের মধ্যে পিণ্ডদান করা হয়।
পিণ্ডদানে অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষু রক্ষিত ভান্তে জানান, ”পিণ্ডদান খুবই পুণ্যের কাজ। এর মাধ্যমে বৌদ্ধ পূণ্যার্থীরা পঞ্চধর্ম লাভ করেন।“
অনুষ্ঠানে অংশ নেওয়া ধীমান খীসা জানান, ”থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এ রকম আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলেও আমাদের দেশে এ রকম অনুষ্ঠান এই প্রথম।”
একসঙ্গে হাজারের বেশি ভিক্ষু সংঘকে পিণ্ডদান এটিই প্রথম জানিয়ে বৌদ্ধ পূণ্যার্থী রনিক চাকমা, প্রীতি চাকমা বলেন, এরকম অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে প্রথম। একসঙ্গে এক হাজার ২০০ ভিক্ষুকে পিণ্ডদান অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। অনুষ্ঠানে এসে নিজেকে খুব পূণ্যবতী মনে করছেন তারা।
অনুষ্ঠানে আসা খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও নীলোৎপল খীসা বলেন, এ ধরনের অনুষ্ঠান খুবই মহৎ উদ্যোগ। এতো বড় আয়োজন বাংলাদেশে বিরল। এর মধ্য দিয়ে মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। হিংসা হানাহানি দূর হবে। মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।
