কুয়াশায় পদ্মা সেতুতে দুর্ঘটনা, এক লেনে ৪ ঘণ্টা চলাচল বন্ধ
এতে এক তরুণ আহত হয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে হাসপাতালটির চিকিৎসক ফারহানা জানান।
ঘন কুয়াশায় পদ্মা সেতুর উপর দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি যাত্রীবাহী বাস। এক তরুণ আহত হয়েছেন। ঢাকা থেকে জাজিরামুখী লেনে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৯ নম্বর পিলার বরাবর জাজিরামুখী লেনে এ ঘটনা ঘটে বলে সেতুটির নিরাপত্তার দায়িত্বে থাকা আরিফুল ইসলাম জানান।
আহত মো. বাশার (১৬) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়ার মো. জুয়েলের ছেলে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা জানান, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তিনি এখন চিকিৎসাধীন আছেন।
নিরাপত্তাকর্মী আরিফুল ইসলাম জানান, ঘন কুয়াশার ফলে বাসগুলো ধীরে চলছিল। এ সময় মেঘনা ট্রাভেলসের একটি বাস জাজিরামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেঘনা ট্রাভেলসের বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে পেছনে থাকা শরীয়তপুর পরিবহনের অপর একটি বাস মেঘনা ট্রাভেলসের বাসটিকে পেছনে ধাক্কা দেয়। এতে শরীয়তপুর পরিবহনের গাড়ির সামনের অংশও ভেঙে যায়।
দুর্ঘটনার পর গাড়িগুলোর যাত্রীরা বাস থেকে নেমে নিজেদের মতো গন্তব্যে চলে যান।
আরিফুল আরও জানান, দুর্ঘটনার পর থেকে জাজিরামুখী এক লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। চার ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাফিক পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুপুরের পর চলাচল পুরোপুরি স্বাভাবিক বলে মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউদ্দিন জানান।
