সিংগাইরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ৫৭ লাখ টাকার সেতু
ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, “ব্রিজ করার সময় রাস্তা হয়েছিল; পরে বন্যায় ভেঙে গেছে।”
মানিকগঞ্জের সিংগাইরে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের দীর্ঘ দিন পরেও কাজে আসছে না প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে কানাইনগর বটতলা খালের ওপর নির্মিত সেতু।
সেতু নির্মাণের পর সংযোগ সড়ক করা হয়নি বলে এলাকাবাসীর দাবি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, সংযোগ সড়ক করা হয়েছিল কিন্তু বন্যায় ভেঙে গেছে।
প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস সেতুটি নির্মাণ করে। ২০১৮ সালের শুরুতে স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম সেতুটির উদ্বোধন করেন।
এরপর দীর্ঘ ৫ বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি জনস্বার্থে কাজে আসছে না।
এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছে, তেমনি কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য সামগ্রী পরিবহণ করতে না পেরে ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে বাড়তি টাকা ও সময় ব্যয়ের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় মো. বিদ্যুত হোসেন ও হাবিব মোল্লা নামে দুই কৃষক জানান, সংযোগ সড়ক না থাকায় এ সেতু করে কোনো লাভ হয়নি।
ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, “ক্ষেতে ফলানো ফসল অনেক কষ্ট করে বাজারে বেচতে নিতে হয়। সেতু আমাগো কাজে লাগে না। কোনো রিকশা-ভ্যান আসে না।”
দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তিনি।
একই দাবি করেছেন কলম আলী নামে আরেক কৃষক।
সায়েস্তা ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকসের স্বত্বাধিকারী মো. আব্দুল হালিম বলেন, “ব্রিজ করার সময় রাস্তা করে দেওয়া হয়েছিল; পরে বন্যায় ভেঙে গেছে। সংযোগ সড়কের জন্য এমপির কাছে দু’টি প্রকল্প দিয়ে রেখেছি। দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে।”
সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন বলেন, “শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে।”
