২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মার্কেট দখল

এই মার্কেট নিয়ে মোট ১৩টি মামলা বিচারাদীন রয়েছে আদালতে

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মার্কেট দখল

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার বাজারে ‘আবুল কাসেমের মার্কেট’ হিসেবে পরিচিত জায়গাটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 12:10 PM

Updated : 07 Sep 2022, 02:06 PM

কুমিল্লার বরুড়া উপজেলায় অস্ত্রশস্ত্র নিয়ে একটি মার্কেট দখল করে দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা, যিনি ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।

উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার বাজারে ‘আবুল কাসেমের মার্কেট’ হিসেবে পরিচিত জায়গাটি দখলে নেওয়ার সময় দখলকারীরা স্থানীয় সংসদ সদস্যের নামও ব্যবহার করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ।

মার্কেটটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মোট ১৩টি মামলা চলমান রয়েছে। এর মধ্যেই গত ২২ অগাস্ট বরুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলমের নেতৃত্বে এক থেকে দেড়শ সশস্ত্র লোক জায়গাটি দখল করে নেয় বলে অভিযোগ করে মার্কেটটির মালিক দাবিদার আবুল কাসেম।

তার ভাষ্য, ভাউকসার পশ্চিম বাজারের পয়ালগাছা সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ৯ শতক জায়গার ওপর নির্মিত ওই মার্কেটের মালিকানা নিয়ে ১৯৯৫ সাল থেকে মামলা চলছে।

“পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিটির সিএস ও আরএস খতিয়ান আমাদের নামে। আওয়ামী লীগ নেতা রবিউল চেয়ারম্যান ভাউকসার বাজার এলাকার বাসিন্দা আবু তাহের ও আবদুর রশিদের টাকায় ভাড়ায় এসে সন্ত্রাসী কায়দায় মার্কেটটি দখল করেছেন। এমপি সাহেব (কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী) নির্দেশ দিয়ে পাঠিয়েছেন- এমন কথা বলে মার্কেটের দখল নেওয়া হয়েছে।”

ঘটনার দুদিন পর ২৪ অগাস্ট আবুল কাসেম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ নেতা রবিউলকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- আবু তাহের, আবদুর রশিদ, রশিদের ছেলে সোহাগ, ভাউকসার গ্রামের বাবর মিয়া, বকুল খান ও হিরন মিয়া। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি দেখানো হয়েছে।

ওই মার্কেটে দোকান আছে ছয়টি। তার একটি চালান ব্যবসায়ী শাহ আলম। হামলার দিন চেয়ারম্যান বরিউলের নেতৃত্বে

সন্ত্রাসীরা দোকান থেকে বের করে দিয়ে মালামাল ও নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

যেভাবে ওই মার্কেট দখল করা হয়েছে, তাতে বাজারের কেউ এ বিষয়ে কথা বলার সাহস পায়নি বলে মন্তব্য করেন বরুড়া বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জাফর আহমেদ।

Image

বরুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম।

তিনি বলেন, “রবিউলের নেতৃত্বে দেড় থেকে দুইশ জন অস্ত্রধারী মার্কেট দখল করে। তারা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবাক করা ব্যাপার হলো, তারা দখলের সময় অ্যাম্বুলেন্সও নিয়ে আসে এবং বলে কেউ প্রতিবাদ করলে লাশ ফেলে দেবে।

“সম্পত্তির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। এখন আমাদের প্রশ্ন, তিনি (রবিউল) একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে আদালতের দায়িত্ব পালন করতে পারেন। এমপি সাহেবের নির্দেশে এই দখল করেছেন বলে তিনি সকলকে বলেছেন।“

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগ নেতা রবিউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেটের প্রকৃত মালিক আবু তাহেরকে তার সম্পত্তি উদ্ধার করে দিয়েছি। আমি কোনো মার্কেট দখল করিনি। এ ছাড়া অস্ত্র নিয়ে যাওয়া, ককটেল বিস্ফোরণ ও মালামাল লুটের সব অভিযোগ বানোয়াট। আর আমি কোথাও এমপি সাহেবের নাম বলিনি।”

একটি জায়গা নিয়ে মামলা থাকার পরও একজন জনপ্রতিনিধি হিসেবে সেই জায়গা ‘দখল’ করার উচিত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে রবিউল বলেন, “অবশ্যই পারি। রাজনৈতিক বিবেচনায় এটা আমাদের দায়িত্ব।”

বরুড়া আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবিউল আমার লোক, এটা সত্য। তবে আমি তাকে এমন কোনো নির্দেশ দিইনি। সে সম্ভবত অপর পক্ষের কাছ থেকে সুবিধা পেয়ে দলবল নিয়ে গিয়ে মার্কেটি দখল করে দিয়েছে আবু তাহেরকে।”

গত শনিবার এক অনুষ্ঠানে রবিউলকে পেয়ে ‘শাসিয়ে দিয়েছেন’ বলেও জানান এই সংসদ সদস্য।

“তাকে বলেছি, আমার নাম ব্যবহার করে মার্কেট দখল করতে গিয়েছিস কেন? পরে সে বিষয়টি অস্বীকার করেছে। আমার কাছে এলাকার অনেক মানুষ কল করে বিষয়টি জানিয়েছে। রবিউল যেভাবে কাজটি করেছে, এটি অন্যায়। এখন যেহেতু মামলা হয়েছে, বাকিটা পুলিশের তদন্তের পর আদালত দেখবে।”

এই সংসদ সদস্য বলেন, “ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আমি কয়েক বছর আগে একজন আইনজীবীর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু বিষয়টি নিয়ে ঝামেলা বেশি থাকায় দুইপক্ষকে আদালতের মাধ্যমে সমাধানে যেতে বলেছি।”

ওই মার্কেট এখন যার দখলে রয়েছে, সেই আবু তাহের দাবি করেন, ৩৫ বছর ধরে ওই সম্পত্তি তার হাতে ছিল। ২০১৮ সালের নির্বাচনের পর প্রতিপক্ষ জোর করে সেটা দখল করে নেয়।

“চেয়ারম্যান রবিউল দখলকারী কাসেমকে বলেছেন, আমার জায়গা, আমাকে বুঝিয়ে দিতে। এরপর গত ২২ অগাস্ট আমরা মার্কেটের মালিকানা বুঝে নিয়েছি। চেয়ারম্যান রবিউল বাজারে ছিলেন। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি।”

বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জাফর আহমেদ জানান, ওই ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজার কমিটি দুই পক্ষকেই বলেছে, তাদের মালিকানা দাবির সপক্ষে দলিলপত্র দিতে। আবুল কাসেম সব কাগজপত্র দিলেও আবু তাহের এখনও দেননি।

ওই মার্কেট নিয়ে দুই পক্ষের মধ্যে ১৩টি মামলা চলছে জানিয়ে আবুল কাসেম বলেন , “ঘটনার সময় ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ আসে ৩ ঘণ্টা পর। অবস্থা দেখে মনে হচ্ছে, থানা-পুলিশ রবিউলের কথায় চলে এবং পুলিশকে ম্যানেজ করেই ঘটনাটি করা হয়েছে। রবিউল মোটা অংকের টাকায় ভাড়াটে হিসেবে এই কাজ করেছেন। আদালতে মামলা করলেও পুলিশের তদন্তে কোনো তৎপরতা দেখছি না।”

তার এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার এসআই নাসির উদ্দিন বলেন, “আদালতের নির্দেশে আমি ১ সেপ্টেম্বর থেকে মামলাটির তদন্ত শুরু করেছি। দুই পক্ষের বিরোধটি দীর্ঘদিনের। তদন্ত শেষ হলে আদালতে সঠিক প্রতিবেদন জমা দেব।”