বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি পুকুরে, আহত ১৬
বরিশাল থেকে ঢাকামুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয় বলে জানায় পুলিশ।
বরিশালের গৌরনদী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি পুকুরে পড়ে গেছে। এতে শিশু ও নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা পর বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বরিশালে ফিরছিল ইলিশ পরিবহনের একটি বাস।
পথে ইলিশ পরিবহনের বাসটি একটি থ্রি-হুইলারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ইলিশ পরিবহনের বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
অপর বাসটি সড়কের বিপরীত পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়; এতে উভয় বাসের বেশকিছু যাত্রী আহত হয় বলে জানান সার্জেন্ট সুমন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইলিশ পরিবহনের বাসটিকে অর্ধনিমজ্জিত অবস্থায় পাওয়া যায়।
এ সময় বাস থেকে নারী ও শিশুসহ ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বাসে কতজন যাত্রী ছিল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ডোবা থেকে উত্তোলনের চেষ্টা চলছে। তবে দুই বাসের চালক ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি গোলাম রসুল।
