২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কারাগারে

গত বুধবার ছাত্রলীগের সাবেক ওই নেতা আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 07:45 PM

Updated : 24 Aug 2023, 07:45 PM

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. ইলিয়াস মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, গত ৯ অগাস্ট কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সেলিনা আক্তার একটি অস্ত্র মামলায় ওই ছাত্রলীগ নেতার ১২ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

তিনি বলেন, গত বুধবার (২৩ অগাস্ট) দুপুরে দণ্ডপ্রাপ্ত ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন খান জানান, ২০১৫ সালের ২৪ এপ্রিল কুমিল্লা কোটবাড়ির শালবন বিহার এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও ত্রাস সৃষ্টির ঘটনায় ইলিয়াস হোসেন সবুজকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে র‍্যাব।

এ ঘটনায় ওইদিনই কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলার করেন র‌্যাব-১১, পিসিপি-২ কুমিল্লার ডিএডি মো. মোস্তাকিম।

মামলায় ২০১৫ সালের ৩০ জুন ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

দীর্ঘ শুনানি শেষে গত ৯ অগাস্ট কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিকে একযুগ সশ্রম কারাবাসের রায় দেয়।

ইলিয়াস হোসেন সবুজের বাড়ি জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামে।  

তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

২০১৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান ইলিয়াস। এক বছরের মাথায় মেয়াদ শেষ হলেও চলতি বছরের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।