২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা পরিষদের চেয়ারম্যানের পদ ত্যাগ করে সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস টিকে গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 04:14 PM

Updated : 04 Dec 2023, 04:14 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সিরাজগঞ্জের দুটি আসনে আরো তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে একজন ওয়ার্কাস পার্টির ও দুজন স্বতন্ত্র।

এ নিয়ে গত দুদিনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে নয়জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হল।

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

বাছাইয়ে সিরাজগঞ্জ-৪ আসনে (উল্লাপাড়া) চারটি মনোনয়নপত্রের মধ্যে কোনোটিই বাতিল হয়নি।

এর আগে জেলার ছয়টি আসনের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন মোট ১০ জন।

বাছাইয়ে নয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও জেলা পরিষদের চেয়ারম্যানের পদ ত্যাগ করে সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস টিকে গেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি ও চৌহালী) সদ্য পদত্যাগ করা বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সাবেক মেয়র হালিমুল হক মিরুর এবং ঋণখেলাপীর দায়ে ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী রেজাউর রশিদ খানের মনোনয়ন বাতিল হয়েছে।”

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু বলেন, “যে অভিযোগে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা সত্য নয়। আমি আপিল করব।”