২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি থেকে সিআইডি পরিচয়ধারী যুবক গ্রেপ্তার

মামলার বাদী জানান, ওই যুবক নিজেকে পুলিশের বড় কর্মকর্তা বলে দাবি করেন।

শ্বশুরবাড়ি থেকে সিআইডি পরিচয়ধারী যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার নাইমুল হাসান

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 11:10 PM

Updated : 12 Oct 2022, 11:10 PM

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সিআইডির সদস্য পরিচয়ধারী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার চরনী পত্তাশী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয় বলে ইন্দুরকানী থানার পরিদর্শক মো. এনামুল হক জানান।

গ্রেপ্তার নাইমুল হাসান (২৫) বাগেরহাটের রামপালের বর্নি এলাকার মো. মনিারুজ্জামান শেখের ছেলে।  

গ্রেপ্তারের সময় তার কাছে পুলিশের লোগো যুক্ত একটি জ্যাকেট, প্যান্ট, বেল্ট, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি ও দুটি আইডি কার্ড পাওয়া যায় বলে পুলিশ জানায়।

পরে তার প্রতারণার শিকার ওই এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার বাদী জানান, শ্বশুরবাড়ির পাশে বাড়ি হওয়ার সুবাদে নাইমুল হাসানের সঙ্গে শফিকুলের পরিচয়। নাইমুল জানান, তিনি পুলিশের একজন বড় কর্মকর্তা এবং অনেককে পুলিশে চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। এক পর্যায়ে শফিকুল, তার ভাই সজীব ও আবু তালেব নামে এক প্রতিবেশীকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে বাদীর কাছে থেকে নগদ ৪০ হাজার ও আবু তালিবের কাছ থেকে ২০ হাজার টাকা নেন।

পরে ‘চাকরির জন্য’ শফিকুলকে আরও টাকা নিয়ে নাইমুল তার শ্বশুরবাড়িতে আসতে বলেন। শফিকুল ওই বাড়িতে গেলে নাইমুল নিজের চাকরির বিষয়টি বিশ্বাস করাতে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখান। এ সময় সন্দেহ হলে শফিকুল স্থানীয়দের সাহায্যে নাইমুলকে আটক করে পুলিশে খবর দেন।

ইন্দুরকানী থানার পরিদর্শক মো. এনামুল হক জানান, প্রতারক যুবক নিজেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য হিসেবে পরিচয় দিতেন।