জমির বিরোধে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
পুলিশ জানায়, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান।
নিহত ৫২ বছর বয়সী আব্দুল জলিল নলজানী মধ্যেপাড়া এলাকার ডাক্তার সিরাজ উদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আর ঘটনার পর থেকে জলিলের চাচাতো ভাই ও তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “জলিলের সঙ্গে তার চাচাতো ভাই ইদ্রিস আলী, সিদ্দিকুর রহমান ও তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে শুক্রবার রাতে মসজিদ থেকে এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুর্বৃত্তরা জলিলকে লাঠি দিয়ে মারধর করে পালিয়ে যায়।"
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মাহাতাব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে জলিলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
