সারের সঙ্কট নিরসনে সারা বছর তদারকি চায় গোপালগঞ্জের কৃষক
“ইউনিয়ন পর্যায়ের সারের ডিলার ও খুচরা সার ডিলারের গুদাম প্রতিদিন তদারকি করছেন কৃষি কর্মকর্তারা।”
দেশের বিভিন্ন জেলায় সার নিয়ে নানা অভাব-অভিযোগ থাকলেও গোপালগঞ্জে সারের কোনো সঙ্কট না থাকার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তদারকি ব্যবস্থা জোরদার করায় ন্যায্যমূল্যে সার পাচ্ছেন কৃষকরাও।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায় বলেন, “এখানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী বোরো মৌসুমেও এ জেলায় সার সঙ্কটের কোনো আশঙ্কা নেই।”
তিনি বলেন, সঠিকভাবে সারের ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সার উত্তোলন, মজুদ ও বিপণন ব্যবস্থা তদারকি করছে জেলা ও উপজেলা সার বীজ মনিটরিং কমিটি।
এই কৃষি কর্মকর্তা বলেন, এই জেলায় কৃষিতে এখন সারের চাহিদা তুলনামূলকভাবে কম। এখন মৎস্য ঘেরে সার ব্যবহৃত হচ্ছে। তারপরও এখানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ জেলা থেকে অন্য জেলায় সার পাচার বন্ধে প্রতিদিন মনিটরিং ও তদারকির পাশাপাশি বরাদ্দ, উত্তোলন ও মজুদের হিসাব রাখা হচ্ছে।
তিনি বলেন, “কৃষকরা সরকার নির্ধারিত দামে সার কিনতে পারছেন কি-না, তাও খোঁজ-খবর রাখা হচ্ছে। কোনো অনিয়ম পেলেই ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের সতর্ক করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের সারের ডিলার ও খুচরা সার ডিলারের গুদাম প্রতিদিন তদারকি করছেন কৃষি কর্মকর্তারা।”
এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যে খুচরা সার কৃষকের কাছে বিক্রি নিশ্চিত করতে প্রতিটি দোকানে মূল্য সম্বলিত সাইনবোর্ড টানানো হয়েছে। খুচরা সার ডিলার প্রতি একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
খোঁজ নিয়ে দেখা গেছে, গোপালগঞ্জে খুচরা সার ডিলাররা সরকার নির্ধারিত ২২ টাকা কেজি দরে ইউরিয়া, টিএসপি, ১৬ টাকা কেজি দরে ডিএপি ও ১৮ টাকা কেজি দরে এমওপি সার বিক্রি করছেন।
টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামর কৃষক রহিম মিয়া বলেন, “কর্মকর্তারা এভাবে সারের বাজার মনিটরিং করলে আমরা ন্যায্যমূল্যে সারা বছর সার পাই। এতে আমাদের খুব উপকার হচ্ছে। সারের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে না। এটি অব্যাহত রাখতে অনুরোধ করছি।”
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর উনিয়নের সার ডিলার মেসার্স গৌর চন্দ্র বিশ্বাসের সত্ত্বাধিকারী কাজল বিশ্বাস বলেন, মনিটরিং ব্যাপক জোরদার করেছে কৃষি বিভাগ। প্রতিদিনই তাদের সারের উত্তোলন, বিপণন ও মজুদসহ সব ধরনের হিসাব দিতে হচ্ছে। এ ছাড়া কৃষি কর্মকর্তারা সরেজমিনে এসে গুদাম পরিদর্শন করছেন।
“এমনকি সার কোথায় বিক্রি করছি তারা সেটিও তদন্ত করে দেখছেন। এই কারণে এই জেলায় সারের মজুদ ভাল রয়েছে।”
মাঝিগাতী ইউনিয়নের খুচরা সার বিক্রেতা কাজী পান্নু বলেন, “সরকার নির্ধারিত মূল্যেই আমরা কৃষকের কাছে সার বিক্রি করছি। ট্যাগ অফিসার হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এটি তদারকি করছেন। তাই বেশি দামে সার বিক্রির সুযোগ নেই।”
জেলায় সারের মজুদ নিয়ে উপ-পরিচালক অরবিন্দু কুমার রায় জানান, অগাস্টে গোপালগঞ্জ জেলা দুই হাজার ৫৭৬ মেট্রিক টন ইউরিয়া সারের বরাদ্দ পায়। এর মধ্যে উত্তোলন করা হয়েছে দুই হাজার ২৫০ মেট্রিক টন। এখন মজুদ রয়েছে এক হাজার ৪০১ মেট্রিক টন।
টিএসপি বরাদ্দ হয়েছে ৮২০ মেট্রিক টন। উত্তোলন করা হয়েছে ৪২৪ মেটিক টন। গত জুলাই মাসের কিছু টিএসপি মজুদ ছিল। সেই সঙ্গে অগাস্টের মজুদ যোগ করে টিএসপির মোট মজুদ রয়েছে ৪১৬ মেট্রিক টন।
ডিএপির বরাদ্দ দুই হাজার ১০৫ মেট্রিক টন। উত্তোলন করা হয়েছে এক হাজার ৩৮৭ মেট্রিক টন। মজুদ রয়েছে এক হাজার ১৬৮ টন। এমওপি বরাদ্দ ২৫০ মেট্রিক টন। উত্তোলন করা হয়েছে ১৩৯ মেট্রিক টন। মজুদ রয়েছে ১১৩ মেট্রিক টন।
ওই কর্মকর্তা আরও জানান, গোপালগঞ্জে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে পাইকারি ৭১ জন সার ডিলার রয়েছেন। এ ছাড়া খুচরা সার ডিলার রয়েছেন ৬৩০ জন।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, পাচার রোধ ও সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করতে আমাদের তদারকি আরও জোরদার করেছি। প্রতিদিন সার গুদাম পরিদর্শন করছি। প্রতিদিনই সার উত্তোলন, মজুদ ও বিপণন রিপোর্ট দিতে হচ্ছে।
