সিলেটে ‘এজেন্ট’ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই প্রার্থীর
বৃষ্টি উপক্ষো করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রার্থী।
এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
এর জবাবে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, “এটা আমি আগেই বলেছি, মূলত উনার এজেন্ট সংকট রয়েছে। তাই আগেই এসব বলা শুরু করেছেন। এটা ভৌতিক বিষয়।”
ভোটের আগের দিন মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে প্রথমে এজেন্ট নিয়ে অভিযোগ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। পরে সাংবাদিকদের কাছে এর প্রতিক্রিয়া জানান নৌকার মেয়র পদপ্রার্থী।
বুধবার সকাল থেকে সিটি নির্বাচনে ১৯০টি কেন্দ্রে একযোগে ইভিএমে ভোটগ্রহণ শুরু হবে। সোমবার মধ্যরাতে নিয়ম অনুযায়ী প্রচারের কাজ শেষ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
মঙ্গলবার দিনভর তারা ব্যস্ত ছিলেন ভোটকেন্দ্রের এজেন্ট ঠিক করা, কর্মীদের পরামর্শ দেওয়াসহ অন্যান্য কাজে।
এর মধ্যে বিকালে নিজের বাসায় সংবাদ সম্মেলনে বৃষ্টি উপক্ষো করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম বাবুল।
এ সময় তিনি বলেন, “আমার এজেন্টদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি ভোটরদের উদ্দেশে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। যেন আপনাদের আমানত তারা চুরি করতে না পারে। আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে।
“উনারা তো সাফাই গাচ্ছেন, ইভিএমে কিছু হবে না। কারচুপি উনারাই করাবেন। তাছাড়া ইভিএমে শঙ্কা তো সবারই আছে। এটা চুরির মেশিন, এটা চুরির একটা যন্ত্র। উনারা প্ল্যান অনুযায়ী সব ব্যবস্থা করছেন।”
তিনি বলেন, “শত শত বহিরাগত লোকদের এনেছেন। তারা ভোটের দিন প্রভাব বিস্তার করবে। তাছাড়া প্রশাসন পক্ষপাতিত্ব করছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। সেই বিষয়টি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি তারা ভোটে নয়, জোর করে মেয়র পদ নিয়ে যাবে। উনারা ভালো করে জানেন যে, ভোটের মাধ্যমে গেলে তারা হারবেন। এটাই তাদের ভয়। এজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিছু তারা করবে ইভিএম দিয়ে ও প্রশাসন দিয়ে “
কিছু একটা বলতে হবে তাই বলেছেন: আনোয়ারুজ্জামান
জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিকালে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “কোনো প্রার্থীর এজেন্ট থাকলে তাকে যতই হুমকি দেওয়া হোক সে কেন্দ্রে প্রার্থীর জন্য উপস্থিত হবে। মূলত বিষয় হচ্ছে জনগণের টাচ থাকতে হবে। নির্বাচনে দাঁড়ালাম জনগণ সঙ্গে নেই, মনে আতঙ্ক তো থাকবেই। এটা অন্য চিন্তা-চেতনা থেকে বলেছেন।
“আগামীকালকে তো ভোটের সময় তাকে (বাবুল) কিছু একটা বলতে হবে তাই আগাম বলে ফেলছেন।”
গায়ে হাত দিলেও আমাদের কেউ পাল্টা জবাব দেবে না মন্তব্য করে আওয়ামী লীগের প্রার্থী বলেন, “আমি সকলকে (নেতা-কর্মীকে) অনুরোধ করেছি, গায়ে হাত দিলেও কেউ পাল্টা জবাব দেবে না। তাই প্রশ্নই ওঠে না এসব করার। আমরা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল একটা নির্বাচন চাই।
আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন মন্তব্য করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “এই দলের প্রত্যেক সেন্টারে শত শত নেতাকর্মী রয়েছে। বহিরাগত আনার প্রয়োজন নেই। এখানে স্পষ্ট করে জানাতে চাই, আমাদের কোনো নেতাকর্মী টু-শব্দও করতে পারবে না।“
