২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

দুর্ঘটনার কারণে আন্তঃনগর বাংলাবন্ধা এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন দুই ঘণ্টা আটকা পড়ে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 10:20 PM

Updated : 28 Aug 2022, 10:20 PM

নাটোরের লালপুরে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে অন্য ইঞ্জিনের সাহায্যে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সন্ধ্যা ৭টার পর আটকে থাকা অন্যান্য ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আব্দুলপুর রেল স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টা ৫০মিনিটে আব্দুলপুর স্টেশনে লাইনচ্যুত হয়। ইঞ্জিনসহ একটি বগির চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি বিকট শব্দে থেমে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার কারণে আন্তঃনগর বাংলাবন্ধা এক্সপ্রেস আব্দুলপুর স্টেশনে এবং একটি মালবাহী ট্রেন আড়ানী স্টেশনে দুই ঘণ্টা থেমে থাকে বলে জানান জিয়াউদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি ফেলে রেখে অন্য ইঞ্জিনের সাহায্যে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।