২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিয়ের পিঁড়িতে ভারতীয় কিশোরী, আদালত পাঠাল সংশোধন কারাগারে

তাছাড়া বিয়ের চেষ্টা করায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 08:05 PM

Updated : 28 Aug 2022, 12:44 AM

প্রেমের সম্পর্কের জেরে ফরিদপুরে এসে বিয়ের পিঁড়িতে বসার পর এক কিশোরীকে তুলে নিয়েছে পুলিশ।

পরে তাকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয় বলে জেলার সহকারী পুলিশ সুপার সুমন কর জানান।

তাছাড়া বিয়ের চেষ্টা করায় তন্ময় রাজবংশী (২১) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

তন্ময় ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের বাসিন্দা।

পুলিশের এক কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়াপাড়া এলাকার এই কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তন্ময়। শুক্রবার বিকেল ৪টার দিকে কিশোরীকে বাড়িতে নিয়ে আসেন তন্ময়। তারপর রাতে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে বিয়ের পিঁড়িতে বসলে তাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে তন্ময়কে আটক করে পুলিশ।

বোয়ালমারী থানার ওসি মো. আব্দুল ওহাব বলেন, “মেয়েটির বয়স কম। তাছাড়া তার কাছে পাসপোর্ট নেই। তাই তার বিয়ে ঠেকানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে স্থানীয় সমাজসেবা বিভাগের কিশোরী সংশোধন কারাগারে পাঠায় পুলিশ।

“তাছাড়া কিশোরীকে ফুঁসলিয়ে এ দেশে আনার কারণে তন্ময়কে আটক করা হয়। কী কারণে তাকে এ দেশে আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।”