বরিশালে বাসের চাপায় দুই বাইক আরোহী নিহত, সড়ক অবরোধ
ঘটনার পর চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)।
নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি একটি প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে চাকরি করেন।
চরাদি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে যাচ্ছিল। পথে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গোমা ফেরিঘাটমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী দুই তরুণকে গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
তবে ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান এসআই আমিনুল।
