গোপালগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩
৩২ কেজি ওজনের মূর্তিটির উচ্চতা ২৬ দশমিক ৫ ইঞ্চি ও প্রস্ত ১৪ ইঞ্চি।
গোপালগঞ্জের মকসুদপুর থেকে কষ্টি পাথরে তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলছে র্যাব।
শুক্রবার বেলা ১২টার দিকে র্যাব-৮ জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মকসেদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের আবুল খায়ের মোল্লার ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এসময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।
আটকরা হলেন, ওই গ্রামের আবুল খায়ের মোল্লা (৫৭), টুকু মুন্সি (৩৫) এবং পাবনার আমিনপুর উপজেলার রাম নারায়ণপুর গ্রামের রমজান মোল্লা (২৮)।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শাশুনিয়া গ্রামের ওই বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে কষ্টি পাথরের মূর্তি আনা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের ফরিদপুর ক্যাম্পের একটি দল। পরে ওই ঘর থেকে ৩২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির উচ্চতা ২৬ দশমিক ৫ ইঞ্চি ও প্রস্ত ১৪ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, পাল আমলের ওই বিষ্ণু মূর্তির বয়স আনুমানিক ৭০০ থেকে ১০০০ বছর।
র্যাব উপ-পরিচালক জানান, বিক্রয়ের উদ্দেশ্যে গত ৬ মাস ধরে মূর্তিটি তাদের হেফাজতে ছিলো বলে জানিয়েছেন আসামিরা। বৃহস্পতিবার রাতে মামলার পর তিন জনকে মকসেদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
