নেত্র নিউজ ফেইসবুক পেইজের অ্যাডমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ
বিচারক সিআইডিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নেত্র নিউজ ফেসবুক পেইজের অ্যাডমিন এবং সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশি অভিযোগটি করা হয় বলে আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান।
তিনি আরও বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা অভিযোগটি করেছেন। ট্রাইবুনালের বিচারক মো. গোলাম ফারুক সিআইডির বিশেষ পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমান এবং নেত্র নিউজ ফেইসবুক পেইজের এডমিনকে বিবাদী করা হয়েছে।
বাদী মনিরুদ্দিন তারেক বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রূপাতলী ভাষানী সড়কের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(ক)/২৬(১)/২৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ছয়জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
অভিযোগের বরাতে আইনজীবী বলেন, “বিবাদী সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি নেত্র নিউজ নামের ওয়েব সাইটের ফেইসবুক পেইজে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা মানহানিকর আক্রমণাত্মক ভিডিও প্রচার করছেন।”
“যা ভাইরাল হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ অপপ্রচার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধা ও জনসাধারণের অনুভূতিতে আঘাত হেনেছে।”
অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিবাদীরা সরকারের উন্নয়নের গতিরোধ বানচাল ও নস্যাৎ করার জন্য রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার এবং ষড়যন্ত্র করছেন। এ ছাড়া রাষ্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য বিরোধীদের উৎসাহ দিচ্ছেন।”
আইনজীবী খোকন বলেন, ২৪ অগাস্ট বিষয়টি বাদীর দৃষ্টিগোছর হয়। তারপর কোতোয়ালী মডেল থানায় গেলে সাইবার ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেওয়া হয়।
