২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, নারীসহ গ্রেপ্তার ৪

‘পূর্বপরিচয়ের সূত্রে ঢাকা থেকে এই কিশোরী ঝালকাঠির এক নারীর কাছে বেড়াতে যায়।’

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 03:55 PM

Updated : 31 Aug 2022, 03:55 PM

ঝালকাঠির নলছিটিতে বেড়াতে আসা এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরী পাঁচজনের বিরুদ্ধে মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন নলছিটি উপজেলার শেখেরকাঠি এলাকার মোজাফফর শিকদার ( ৪৮), আরিফ হোসেন (৩০), মোসাম্মৎ শাহিদা বেগম (৪৫) ও মোসাম্মৎ আসমা বেগম (৪২)।

তাছাড়া মো. রাসেল হাওলাদার (৩৫) নামে আরেক আসামি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার নথির বরাতে ওসি আতাউর বলেন, “পূর্বপরিচয়ের সূত্রে গত ২৬ অগাস্ট ঢাকার কেরানীগঞ্জ থেকে এই কিশোরী শেখেরকাঠি গ্রামে মোসাম্মৎ শাহিদা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এর দুই দিন পর শাহিদা ও আসমার প্ররোচনায় ভয়ভীতি দেখিয়ে তিন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে পুলিশ জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে।”

ওসি বলেন, কিশোরীর মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।