মাদারীপুরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘আত্মহত্যা’
স্কুলের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবু বক্কর শিকদারের সঙ্গে ঝগড়া হয় তাহরিমার।
মাদারীপুরে সদর উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বাবার সঙ্গে ঝগড়ার পর অভিমানে ‘আত্মহত্যা’ করেছেন ওই ছাত্রী।
বুধবার রাত পৌনে ১২টায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি মনোয়ার হোসেন।
নিহত তাহরিমা আক্তার (১৪) উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহের চর কাতলা এলাকার আবু বক্কর শিকদারের মেয়ে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, বুধবার রাতে স্কুলের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবু বক্কর শিকদারের সঙ্গে ঝগড়া হয় তাহরিমার। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয় তাহরিমা।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।
ওসি মনোয়ার বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবার সাথে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বাকিটা বলা যাবে। ”
