ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ২
এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের সিল জাল করে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের এসআই স্বপন দাস জানান, শনিবার সন্ধ্যায় ওই দুই যুবককে আটক করেন তারা।
এরা হলেন- যশোরের কেশবপুর থানার ধোনাই মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মনিরামপুর থানার জমশের আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০)।
এসআই বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় জাহাঙ্গীর ও শফিকুল তাদের পাসপোর্টে ইমিগ্রেশন পুলিশের জাল সিলমোহর ব্যবহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছে যায়।
কিন্তু আগরতলা ইমিগ্রেশন পুলিশের পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আবার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়।
পরে আখাউড়া ইমিগ্রেশন অতিক্রম করে ফিরে যাওয়ার সময় পুলিশ দুজনকে আটক করে বলে জানান স্বপন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শনিবার গভীর রাতে জাহাঙ্গীর ও শফিকুলকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।
