১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শ্রমিকদের সংঘর্ষ, ঝালকাঠির ৫ পথে বাস ধর্মঘট

বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শ্রমিকদের সংঘর্ষ, ঝালকাঠির ৫ পথে বাস ধর্মঘট

হঠাৎ বাস বন্ধে বিপাকে পড়েন অসংখ্য যাত্রী

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 05:16 PM

Updated : 21 Sep 2022, 05:16 PM

বরিশালসহ পাঁচ পথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

ঝালকাঠির বাস শ্রমিকদের দাবি, বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকরা মিলে ঝালকাঠির এক বাস চালককে প্রথমে মারধর করে। এর প্রতিবাদ করলে ঝালকাঠির ছয় বাস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তারা।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- বাস চালক কালু হাওলাদার, সুপারভাইজার আবুল কালাম, চালকের সহকারী শাওন হাওলাদার, শ্রমিক সাগর ও জাহিদ। আহতদের বরিশাল ও ঝালকাঠির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঝালকাঠি থেকে বরিশালসহ পাঁচ পথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এসব পথের অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।