‘লক্ষ্যাপাড়ের’ গল্প জানাতে ‘দাগ আর্ট স্টেশনের’ চিত্রকর্ম প্রদর্শনী
মহামারীর কারণে বিরতির পর নতুন করে যাত্রা শুরু করছে সংগঠনটি।
শীতলক্ষ্যার অববাহিকায় গড়ে ওঠা বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের গল্প জানাতে ‘লক্ষ্যাপাড়ের চিত্রকথা’ শিরোনামে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন দাগ আর্ট স্টেশন।
নারায়ণগঞ্জ পৌর এলাকার আলী আহাম্মদ পৌর মিলনায়তন ও পাঠাগারের গ্যালারিতে শুক্রবার বিকালে এ প্রদর্শনী শুরু হয়। ২৬ অগাস্ট সমাপনী সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রবীণ শিল্পী আব্দুল খালেদ, শিল্পী হানিফ পাপ্পু ও শিল্পী রফিউর রাব্বি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রফিউর রাব্বি বলেন, “আধুনিক পৃথিবীর সভ্যতাই গড়ে উঠেছে নদীর অববাহিকায়। হাজার বছর আগে শীতলক্ষ্যার পাড়ে গড়ে উঠা জনপদে এ নদীর বড় অবদান আছে। যে নদী আমাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, সেই নদীকে সভ্যতার নামে আমরা ধ্বংস করেছি।
“শিল্পের মধ্য দিয়ে এই সত্যকে ফুটিয়ে তুলতে চাচ্ছি। আশা করছি এর মধ্য দিয়ে আমাদের মধ্যে সচেতনতা গড়ে উঠবে।”
দাগ আর্ট স্টেশনের সদস্য শিল্পী অমল আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৮ সালের জুলাইয়ে দলীয় প্রদর্শনীর মধ্য দিয়ে তাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে প্রতি শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত শিল্পকর্মের সাপ্তাহিক মুক্ত প্রদর্শনী ও বিক্রয় চলছিল। কিন্তু মহামারীর কারণে তাদের দীর্ঘ বিরতিতে যেতে হয়। সেই পরিস্থিতি কেটে যাওয়ায় আবার এই উন্মুক্ত প্রদর্শনী আয়োজন শুরু করতে যাচ্ছে খুব শীঘ্রই। এর প্রধান উদ্দেশ্য-নগরবাসীর মাঝে নিয়মিত শিল্পকর্ম ক্রয়ের অভ্যাস গড়ে তোলা এবং শিল্পী ও শিল্পকর্মের সঙ্গে জনতার সম্পর্ক গড়ে তোলা।
তিনি বলেন, “আবার এই নতুন যাত্রায় নারায়ণগঞ্জ শহরে আন্তর্জাতিক আর্ট প্রোগ্রাম আয়োজন করা, আর্টিস্ট টক, ওয়ার্কশপ, আউটিংসহ নানা কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ বছর থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশের নবীন, প্রবীণ শিল্পীদের দলীয় ও একক চিত্র নিয়ে নিয়মিত দ্বিমাসিক প্রদর্শনীর আয়োজন শুরু করতে যাচ্ছি। তারই প্রথম আয়োজন ‘লক্ষ্যাপাড়ের চিত্রকথা-১’ শিরোনামের দলীয় প্রদর্শনী।”
আয়োজকরা বলছেন, প্রদর্শনীতে দাগ আর্ট স্টেশনের ৮ জন সদস্যশিল্পী তাদের চিত্রকর্মের মাধ্যমে লক্ষ্যাপাড়ের ইতিহাস ও মানুষের গল্প তুলে ধরেছেন। অমল আকাশ পটের গানে তুলে ধরেন হাসেম ফুডে ঝলসে যাওয়া ৫২ প্রাণের করুণ পরিণতি। এই শহরের জন্য সবচেয়ে গুরুত্ব রাখা শীতলক্ষ্যা নদীর দখলে ও দূষণে করুণ দশা দেখিয়েছেন লিটন সরকার।
‘পেপার ক্লে’র চিত্রকর্মে শিল্পী খন্দকার নাসির আহমেদ সামনে এনেছেন আত্মকেন্দ্রীক শহুরে জীবনে পরস্পর বিচ্ছিন্নতার গল্প। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের বাড়িওয়ালা-ভাড়াটিয়া, রিকশার চালক ও আরোহীর মধ্যে কোনো আবেগ বিনিময় হয় না। গরীব মানুষ ধনীকে ঘৃণা করে, আর ধনী গরীবকে। পরস্পর বিচ্ছিন্নতার কারণে চারদিকে কেমন যেন হাহাকার।
“বড় বড় ইমারত যেন একে একটা বৃহদাকার খাঁচা। এই খাঁচা ভাঙতে হবে, সেই উপলব্ধিই যেন মানুষের মধ্যে তৈরি হয় সেই প্রচেষ্টা করেছি।”
প্রদর্শনীতে ছিল শহীদ আহম্মেদ, সুমনা আক্তার, রঞ্জিত কর্মকার, বদরুল আলম ইমন ও মুনতাসির মঈনের কাজ। তবে গ্যালারির শেষ প্রান্তে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীদের তৈরি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থাপনার মডেল দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। ওই মডেলে আরও তুলে ধরা হয়েছে- কদমরসুল দরগা, বিবি মরিয়মের মাজার, হাজীগঞ্জ দুর্গ, ঢাকেশ্বরী মন্দির, বোস কেবিনসহ বিভিন্ন স্থাপনা।
পুরো মডেলটি তৈরি করতে কাগজের ব্যবহার করা হয়েছে বলে জানান আয়োজকরা।
