সাতক্ষীরায় কিশোরীকে ‘ধর্ষণের ভিডিও’, ইউপি সদস্য গ্রেপ্তার
মামলার অভিযোগ, আবিয়ার ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছেন।
সাতক্ষীরার শ্যামনগরে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার পোড়াকাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
গ্রেপ্তার শহীদুল ইসলাম আবীর ওরফে আবিয়ার রহমান (৫০) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় ওই কিশোরীর নানি ইউপি সদস্যসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সে তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করে।
মামলার বরাতে ওসি নুরুল ইসলাম জানান, আবিয়ার ওই কিশোরীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন আবিয়ার। এ সময় তিনি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন।
“সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবিয়ার ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ের মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটান আবিয়ার।
“এ ঘটনা জানাজানি হলে মেয়েটির পরিবার আবিয়ারকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাতে অস্বীকৃতি জানান।”
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাখায়েতুল ইসলাম জানান, গ্রেপ্তার ইউপি সদস্য আবিয়ারকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
