সুনামগঞ্জে ছাত্রলীগের হামলায় যুব অধিকারের অভিষেক সভা পণ্ড
জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, “সভার নামে আমাদের নেত্রী, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।”
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় যুব অধিকার পরিষদের অভিষেক সভা পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের উকিলপাড়ায় প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দিগ্বিদিক পালিয়ে যান যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাবের হল রুমে যুব অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটি অভিষেক সভা চলছিল।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও আওয়ামী লীগকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের খবরে জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী সভাস্থলে গিয়ে হামলা চালায়।
হামলায় যুব অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা সভাপতি মোজাহিদ আলী খোকন, সাচনাবাজার ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান রাজ, সদস্যসচিব সাইদুর রহমান সাঈদ, সদস্য সাইদুল, জামালগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক সাব্বির রহমান রাজু, মোল্লাপাড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্যসচিব পিয়েল আহমদ আহত হন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোয়েব আহমেদ।
হামলার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা সভাস্থলের চেয়ারও ভাঙচুর করেন।
সোয়েব আহমেদ বলেন, “আমরা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।”
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, “সভার নামে আমাদের নেত্রী, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাই আমাদের কিছু কর্মী সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল। পরে আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করি।”
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।”
