প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
বিকালে তাকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের ধানবান্ধি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস জানান।
এ ঘটনায় শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। বিকালে তাকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্লোগান দেওয়ার সময় রাশেদুল হাসান রঞ্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
