২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে দুই ইউনিয়নের মানুষ

কংক্রিটের ব্লক ফেলে নদীতীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:08 PM

খুলনার দাকোপ উপজেলায় সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে পড়েছে এলাকাবাসী।

কামারখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন কুমার মণ্ডল বলেন, “৩২ নম্বর পোল্ডার এলাকায় সম্প্রতি এই ভাঙ্ন দেখা দিয়েছে। নদীর গতি-প্রকৃতি না বুঝে বেড়িবাঁধ নির্মাণ করায় তা কামারখোলা ও সুতারখালী ইউনিয়নবাসীর কাজে আসছে না।

“ইউনিয়ন দুটিতে প্রায় ৬০ হাজার মানুষের বাস। ঢাকী, শিবসা, সুতারখালী ও ভদ্রা নদী দিয়ে বেষ্টিত। নদীবেষ্টিত হওয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে বেড়িবাঁধ।”

বিশ্বব্যাংকের অর্থায়নে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে তীর রক্ষার পুরো কাজ এখনও শেষ হয়নি।

চেয়ারম্যান পঞ্চানন বলেন, “বাঁধের সুফল পেতে অবশ্যই কংক্রিটের ব্লক ফেলে পুরো তীর সংরক্ষণ করতে হবে। পুরো পোল্ডার এলাকায় তীর সংরক্ষণ না করলে দুর্যোগপ্রবণ ওই এলাকার বাঁধ টেকসই হবে না।”

২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় ৩২ নম্বর পোল্ডারের কয়েকটি জায়গা ভেঙে যায়। ফলে ওই এলাকার মানুষ দুই বছরের বেশি সময় ধরে বাড়ি ফিরতে পারেনি।

একই এলাকার নকুলচন্দ্র মণ্ডল বলেন, “এলাকার একসময়ের সচ্ছল পরিবারগুলো নদীভাঙনে সব হারিয়ে এখন নিঃস্বপ্রায়। দুর্যোগ আর নদীভাঙনে দফায় দফায় বসতভিটা বদল করে এখন মাথা গোঁজার মত নিজস্ব সম্পদ বলতে কিছু নেই তাদের। টেকসই বাঁধই একমাত্র ভরসা।”

বেড়িবাঁধের ভাঙনরোধে নদীরতীরে পাথর-সিমেন্টের ব্লক ফেলার দাবি জানান তারা।

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন বলেন, উপজেলার দুর্যোগকবলিত সুতারখালী ও কামারখোলা ইউনিয়ন দুটির মানুষ ভাঙা-গড়ার মধ্যেই দিনাতিপাত করছেন। একটির ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আসে নতুন দুর্যোগ।

“টেকসই বেড়িবাঁধ না হলে ওই দুই ইউনিয়নের মানুষ বাঁচতে পারবে না।”

তিনিও বেড়িবাঁধের ভাঙনরোধে নদীরতীরে পাথর-সিমেন্টের ব্লক ফেলার দাবি জানান।

আবুল হোসেন আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকায় অভাব-অনটনে বিপর্যস্ত জীবন কাটাতে হচ্ছে তাদের। জীবিকার অন্বেষণে এলাকা ছেড়ে শহর ও নিকটবর্তী জেলামুখী হচ্ছে মানুষ।”

ভাঙনের বিষয়টি অবগত আছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম।

তিনি বলেন, “বাঁধ নির্মাণের সময় ৩২ নম্বর পোল্ডারে আগেই দুই কিলোমিটার এলাকায় নদীতীর সংরক্ষণ করা হয়েছে। আরও ছয় কিলোমিটার তীর সংরক্ষণের কাজ প্রক্রিয়াধীন।”