সিরাজগঞ্জে ৩ কিশোর বুদ্ধি করে ধরিয়ে দিল ‘চাঁদা চাওয়া’ যুবলীগ নেতাকে
নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে কিশোরদের পাকড়াও করেছিলেন এই যুবলীগ নেতা।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ পরিচয়ে কিশোরদের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক রাহাত খান রুবেল (৩২) উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। পৌরসভার খানপাড়ার বেলাল হোসেন খানের ছেলে তিনি।
মামলার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেরখারি এলাকায় তাড়াশ-রাণীরহাট সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।
ওসি শহিদুল মামলার নথির বরাতে বলেন, “শুক্রবার তিন কিশোর মটরসাইকেলে নাটোরের সিংড়া উপজেলা থেকে তাড়াশের গুড়পিপুল গ্রামে বিয়ের অনুষ্ঠানে যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফেরার পথে রুবেল তাদের মটরসাইকেলের গতিরোধ করেন। রুবেল নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। কিশোরদের কাছে মাদক আছে দাবি করে রুবেল বলেন, ‘আমার সঙ্গে থানায় চলো। না হলে টাকা দাও।’ বলেই তাদের মটরসাইকেলের চাবি নিয়ে নেন রুবেল।
“কিশোররা তাদের কাছে টাকা নেই বলে জানায়। এক কিশোর বাড়িতে ফোন করার কথা বলে ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরদের উদ্ধার করে। একই সঙ্গে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।”
পরে এ ঘটনায় কিশোরদের পক্ষ থেকে থানায় মামলা হয় বলে জানান ওসি শহিদুল।
