দিনাজপুর জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা
ওই জেলা পরিষদ সদস্যের দাবি, ঝড়ে সড়কে পড়ে যাওয়া গাছগুলো কেটে প্রকাশ্য স্থানে সংরক্ষণ করা হয়েছে।
দিনাজপুর জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা হয়েছে।
জেলার বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার দুপুরে থানায় দায়ের করা মামলায় জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
বাদী জেলা পরিষদেরই অফিস সহকারী আজিজুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, জেলা পরিষদ কার্যালয়ের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে বাদী জানতে পারেন, বীরগঞ্জে জেলা পরিষদের গাছ চুরি করে কেটে নেন বিবাদীরা।
এজাহারে আরও বলা হয়, উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাট পাকা রাস্তার পাশে জেলা পরিষদের দুটি রেইনট্রি ও কড়াই গাছ কাটা হয়েছে।
বাদী স্থানীয়দের মাধ্যমেও জানতে পারেন, জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা ২/৩ জন গাছগুলো কেটে নিয়ে গেছেন।
জেলা পরিষদের মালিকানাধীন একটি আমগাছ ও দুটি পাকুড় গাছও কেটে নেওয়ার ঘটনা ঘটেছে।
বাদী আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে রোকনুজ্জামান বিপ্লবের দাবি, ওই এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা গাছগুলো ঝড়ে সড়কে পড়ে যায়। এতে ওইসব সড়কে যান চলাচল ব্যহত হচ্ছিল।
ঈদের ছুটি থাকায় জেলা পরিষদের চেয়ারম্যানের মৌখিক সিদ্ধান্তে গাছগুলো কেটে অপসারণ করে প্রকাশ্য স্থানে সংরক্ষণ করা হয়েছে বলে জানান জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব।
