১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলায় নারীর কারাদণ্ড

জমির বিরোধের জেরে প্রতিবেশী বাবলুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির মামলা করেন ওই নারী।

মেহেরপুরে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলায় নারীর কারাদণ্ড

মেহেরপুর জেলা জজ আদালত।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 05:23 PM

Updated : 16 Aug 2023, 05:23 PM

মেহেরপুরে ধর্ষণের চেষ্টার মিথ্যা মামলা করায় এক নারীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ কে এম আসাদুজ্জামান জানান।

দণ্ডিত নারীর বাড়ি মুজিবনগর উপজেলায়।

ওই নারীর করা মামলার বরাত দিয়ে পিপি আসাদুজ্জামান বলেন, প্রতিবেশী হিসেবে বাবলুর রহমানের সঙ্গে ওই গৃহবধূর সুসম্পর্ক ছিল। সেই সুবাদে ২০২১ সালের ২৪ এপ্রিল রাতে বাবলুর তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করেন।

তিনি বলেন, এরপর গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বাবলুর মামলা বিরুদ্ধে মামলা করেন।

পিপি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে মুজিবনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেয়। এরপর তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৯ অগাস্ট আদালতে প্রতিবেদন জমা দেন।

আইনজীবী আরও বলেন, তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাবলুর ওই এলাকায় ঘর জামাই হিসেবে বসবাস করেন। বাবলুর চাচা শ্বশুরের সঙ্গে যাওয়া-আসার রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল ওই নারীর পরিবারের।

মালিকানা দাবি করে বাবলুর ও তার চাচা শ্বশুর সেই রাস্তার জমি ঘিরে সীমানা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়।

পিপি আসাদুজ্জামান বলেন, তারই জেরে প্রতিবেশী বাবলুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির মামলা করেছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এরপর বাবলুর বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদালতে সম্মানহানি ও সামাজিক ক্ষতির অভিযোগ এনে একই আদালতে পাল্টা মামলা করেন।

বিচার কাজ শেষে আদালত ওই নারীকে এক বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।